চালককে জিম্মি করে ট্রাক নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত মঙ্গলবার রাতে চালক ও তাঁর সহকারীকে জিম্মি করে রডভর্তি ট্রাক নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম থেকে ১৩ টন রড নিয়ে একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। পথে মদনপুর-জয়দেবপুর সড়কের (ঢাকা বাইপাস সড়ক) সোনারগাঁয়ের সিংলাব এলাকায় বিপরীত দিক থেকে একটি ব্যক্তিগত গাড়ি এসে ট্রাকটির গতিরোধ করে। এ সময় ওই গাড়ি থেকে ডাকাতেরা বের হয়ে অস্ত্রের মুখে ট্রাকচালক নাসির উদ্দিন ও তাঁর সহকারী জাহাঙ্গীর আলমকে জিম্মি করে। পরে ডাকাতেরা তাঁদের মদনপুর এলাকায় ফেলে রেখে রডভর্তি ট্রাকটি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের বহনকারী গাড়িটি থামাতে চেষ্টা করলে ডাকাত দল পুলিশের ওপর হামলার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে বরিশালের হিজলা উপজেলার গোলাবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম, নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপুর গ্রামের জুয়েল মিয়া ও টাঙ্গাইলের গোপালপুরের মৃধাবাড়ী গ্রামের আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ওসি কামরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা পেশাদার ডাকাত।