চালককে ঝলসে দেওয়ার অভিযোগ
ফরিদপুরে প্রতিপক্ষের ঢেলে দেওয়া রাসায়নিক পদার্থে ঝলসে গেছেন রওশন শেখ (৪৫) নামের এক ব্যক্তি। গত বুধবার রাত ১০টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামে এ ঘটনা ঘটে।
রওশন শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তিন মেয়ে ও এক ছেলের বাবা। রওশন শেখ ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মাঝেমধ্যে তিনি গ্রামের বাড়িতে আসেন।
এলাকাবাসী সূত্র জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকাদ্দেশ মাতুব্বর ও হেমায়েত মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছিল। রওশন শেখ হেমায়েত মাতুব্বরের একজন সমর্থক। অভিযোগ রয়েছে, এই বিরোধের জের ধরে রওশনকে হাত-পা বেঁধে রাসায়নিক পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়।
রওশন শেখ বলেন, গত সোমবার তিনি বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষ তাঁর বাড়িতে হামলা করে তাঁর স্ত্রী রওশন আরা বেগমকে মারধর করে। রাত ১০টার দিকে তিনি বাড়ির বাইরে বের হলে প্রতিপক্ষ ছয়-সাতজন তাঁকে ধরে পাশের রাস্তায় নিয়ে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন জায়গায় রাসায়নিক পদার্থ ঢেলে দেয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘রওশন শেখ কেমিক্যাল বার্নের শিকার হয়েছেন। আমরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।’