চালককে মারধর করে রিকশাভ্যান ছিনতাই, চারজন গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলায় চালককে হাত-পা বেঁধে মারধর করে ব্যাটারিচালিত রিকশাভ্যান ছিনতাই করে নেওয়ার সময় জনতার সহায়তায় পুলিশ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুমরাপাড়া গ্রামের আবদুস সালাম, সিংড়াপাড়া গ্রামের আলম হোসেন ও আবুল কালাম এবং পাল্লাপাড়া গ্রামের সুজন হোসেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে রিকশাভ্যানের চালক মহসিন আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আটক ওই চার ছিনতাইকারীকে গতকাল বুধবার বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার চাপাপুর বাজার থেকে যাত্রীবেশে ছিনতাইকারীরা আবাদপুকুর যাওয়ার পথে রিকশাভ্যানের চালক উপজেলার কৃষ্ণপুর গ্রামের মহসিন আলীকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে রিকশাভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই ওই রাস্তা দিয়ে একটি ভটভটির যাত্রীরা ছিনতাইকারীদের ধাওয়া করে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।