চালককে মারধর, দুই পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৈদ্যপাড়া এলাকায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে এক কাভার্ড ভ্যানের চালককে মারধর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে বাইশারি-ঈদগড় সড়কের বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পরিবহনশ্রমিকদের অভিযোগ, পুলিশের দুই সদস্য মাতাল অবস্থায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছিলেন।
অভিযুক্ত পুলিশের দুই সদস্য হলেন ঈদগড় পুলিশ ফাঁড়ির রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) নায়েক শান্তিলাল চাকমা ও কনস্টেবল অনুপ চাকমা।
পরিবহনশ্রমিকদের অভিযোগ, বৃহস্পতিবার রাত আটটার দিকে বাইশারি থেকে আসা গাড়ি থামিয়ে চাঁদা দাবি করছিলেন ওই দুই পুলিশ। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁরা মোহাম্মদ হানিফ নামের চালককে মারধর করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁদের ঘিরে ফেলেন। পরে বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা গিয়ে দুজনকে উদ্ধার করেন।
চালক মোহাম্মদ হানিফের দাবি, তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর কাছে থাকা ভাড়ার ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জানতে চাইলে নাইক্ষ্যংছড়ির বাইশারি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ওই দুই পুলিশ সদস্য রামু উপজেলার ঈদগড় পুলিশ ফাঁড়িতে কর্মরত। বৈদ্যপাড়া এলাকা রামু উপজেলায় হলেও এটি নাইক্ষ্যংছড়ির বাইশারির কাছাকাছি। তাই দ্রুত তাঁদের উদ্ধার করতে যান তিনি। কিন্তু ক্ষুব্ধ লোকজনের হাত থেকে উদ্ধারের সময় ওই দুই সদস্য তাঁর ওপরও চড়াও হন।
ঈদগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আবুল হাসেম মুঠোফোনে বলেন, তাঁর অনুমতি না নিয়ে নায়েক শান্তিলাল চাকমা ও কনস্টেবল অনুপ চাকমা ফাঁড়ির বাইরে যান। তিনি বলেন, ‘তারা মদ পান করেছে সত্য, কিন্তু চাঁদাবাজির অভিযোগ সত্য নয়।’
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ওই দুই আরআরএফ সদস্যকে ঈদগড় ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।