চালককে মারধর পরে মামলা দিলেন এএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে একজন সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি বাবুল সূত্রধর নামের ওই চালকের বিরুদ্ধে মামলা দেন। গত সোমবার এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন বাবুল প্রথম আলোকে বলেন, গত রাতে তিনি নিকলী থানা থেকে নজরুলসহ পাঁচজনকে নিয়ে কিশোরগঞ্জ জেলখানায় যান। সেখানে আসামি রেখে অনেকক্ষণ অপেক্ষার পর রাত ১১টার দিকে আবার নিকলী থানায় ফিরে আসেন। এ সময় নজরুল তাঁকে ৫০০ টাকা ভাড়া দেন। তিনি আরও ৩০০ টাকা দাবি করলে দিন তাঁকে মারধর করেন নজরুল। একপর্যায়ে বাঁ কানে থাপ্পড় খেয়ে তিনি পড়ে যান। পরে নজরুল তাঁকে আরও ৩০০ টাকা দেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স না থাকার মামলা দেন। পরে মামলার কাগজ ধরিয়ে দিয়ে বলেন, ‘এবার কোর্টে গিয়ে তিন হাজার টাকা দিয়ে আসিস।’ এরপর তিনি অটোরিকশা নিয়ে থানা থেকে বেরিয়ে আসেন। কিন্তু নিকলী পশ্চিম কবরস্থানের কাছে এসে আর টিকতে পারেননি। কানের ব্যথায় অস্থির হয়ে তিন রাস্তায় পড়ে কাতরাতে থাকেন। পরে একজন পরিচিত অটোরিকশাচালক তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাবুল বলেন, ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ-নিকলী সড়কে সিএনজিচালিত অটোরিকশার কাউন্টার মাস্টার ইকবাল হোসেন তাঁকে আসা-যাওয়ার ভাড়া ৮০০ টাকা ফুরিয়ে দেন। অথচ ওই টাকা চাইলেই তাঁকে মারেন নজরুল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মারুফা আক্তার বলেন, বাবুলের বাঁ কানে প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, সাধারণত কিশোরগঞ্জ যাওয়া-আসায় ৭০০ টাকা ভাড়া নেওয়া হয়। কিন্তু রাতে রিজার্ভ করে নেওয়ায় তিনি ৮০০ টাকায় ভাড়া রফা করে দেন।
এএসআই বলেন, ‘নিকলী থেকে একটি অটোরিকশায় আসা-যাওয়ার ভাড়া ৭০০ টাকা। আমি কেন ৮০০ টাকা দেব?’ এ কারণেই কি আপনি চালককে মারধর করেছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বাবুলকে মারধর করিনি। তবে তাঁর বিরুদ্ধে মামলা দিয়েছি। আমাদের কাছ থেকে যখন ভাড়া কম নেবে না, তবে আমরা কেন তাঁদের ছাড় দেব? এ কারণেই মামলা দিয়েছি।’