চালককে মারধরের জেরে অটোরিকশা চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর-জুরানপুর সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। একজন চালককে মারধর করার প্রতিবাদে গতকাল রোববার বেলা তিনটা থেকে ওই সড়কে অটোরিকশা চলছে না। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ওই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার ১০ জন চালকের ভাষ্য, উপজেলার বাগুলপুর গ্রামের মহিউদ্দিন বশর বিনা কারণে সুন্দলপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আলীকে গত শনিবার বিকেলে শহীদনগরে মারধর করেন। এ ঘটনার বিচারের দাবিতে সুন্দলপুর এলাকার অটোরিকশার চালকেরা গতকাল বেলা তিনটা থেকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।

সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির শহীদনগর কার্যালয়ের সভাপতি বদরুল আলম পান্না ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব ভূঁইয়া বলেন, সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।

মারধরের বিষয়ে জানার জন্য মহিউদ্দিন বশরের মুঠোফোনে বারবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।