চালককে হত্যা ও মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে মাইক্রোবাস ছিনতাই ও এর চালক রহিদুল ইসলামকে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার খাগড়া গ্রামের খলিলুর রহমান ওরফে মামুন (৩৯), করজগ্রাম মণ্ডলপাড়ার খোরশেদ আলমের ছেলে জিল্লুর রহমান (২০), রঞ্জনিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ফিরোজ শেখ (২৫) ও আফছার সরদারের ছেলে একরাম সরদার (২৫) এবং বেলঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৮)।
গতকাল শনিবার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এসপি মোজাম্মেল হক বলেন, চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রাতে রানীনগর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এঁদের মধ্যে খলিলুর রহমান চাকরিচ্যুত সেনাসদস্য। তাঁকে আটক করতে পুলিশ আবাদপুকুরের বাড়িতে অভিযান চালালে ওই সময় খলিলুর রহমান ও তাঁর পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান ও কনস্টেবল আবুল কালাম আজাদ আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ একটি গুলি ছোড়ে। এতে আসামি খলিলুর রহমান বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। পুলিশের ওপর আক্রমণ ও কাজে বাধা প্রদান করায় তাঁর বাবা মাহফিল আজম (৭০) ও বড় ভাই মাসুদ রানাকে (৪৫) আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এসপি মোজাম্মেল হক আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, গত ৯ নভেম্বর রাতে ঢাকা বিমানবন্দরে যাত্রী নিয়ে যাওয়ার কথা বলে তাঁরা রহিদুলের সঙ্গে যোগাযোগ করেন। কথামতো রাত সাড়ে ১২টার দিকে রানীনগর উপজেলার ত্রিমোহনী সেতুর কাছে গাড়ি নিয়ে গেলে নয়জন যাত্রীবেশে গাড়িতে উঠে চালক রহিদুলের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। নিহত রহিদুল ইসলাম নওগাঁ সদর থানার আরজি নওগাঁর মৃত আক্কাস আলীর ছেলে। তিনি মাইক্রোবাসটি ভাড়ায় চালাতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রিতা খাতুন রানীনগর থানায় মামলা করেন।