চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬
টাঙ্গাইলের গোপালপুরে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালপুর উপজেলার চরপাড়া গ্রামের আছর আলীর স্ত্রী সাহিদা বেগম (৩৫), চকশিমলাপাড়া গ্রামের মো. আনিছুর রহমান (২৫), বর্ণি গ্রামের আপন (৩৫), নবগ্রামের সাইফুল ইসলাম (৩৫), টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ার মো. দুলাল মিয়া (৪৭) এবং নাগরপুর উপজেলার বনগ্রামের মো. সুমন মিয়া (২৩)।
র্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ১৫ জুন রাতে গোপালপুর উপজেলার নবগ্রাম মধ্যপাড়ার হেমনগর পুলিশ বক্সের কাছে কালিহাতী উপজেলার সাতকুড়িয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক মো. মামুনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় মামুনের স্ত্রী বাদী হয়ে গোপালপুর থানায় মামলা করেন। বিষয়টি জানার পর র্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাহিদা বেগমকে গ্রেপ্তার করা হয়।
সাহিদা র্যাবকে জানান, সুমনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তিনি ওই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এরই ধারাবাহিকতায় তাঁরা অটোরিকশাচালক মামুনকে হত্যা করেন।