চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লারচর এলাকার ধানখেত থেকে গতকাল শনিবার সকালে একজন অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা চালক মোস্তফা কামালকে (২২) ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোস্তফা হোসেনপুর উপজেলার আনুহা গ্রামের বাদল মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির মামা বিল্লাল মিয়া জানান, গত শুক্রবার সন্ধ্যায় মোস্তফা হোসেনপুরর গোবিন্দপুর চৌরাস্তা থেকে কয়েকজন যাত্রী নিয়ে কিশোরগঞ্জে রওনা হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে সদর উপজেলার সাদুল্লারচর এলাকার চারুয়া বিলের একটি ধানখেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনেরা সকালে হাসপাতালের মর্গে গিয়ে মোস্তফা কামালকে শনাক্ত করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, নিহত ব্যক্তির গলায় কালো দাগ ছিল। এ ছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ সন্দেহ করছে যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত কামালকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি নিয়ে যায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।