চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ফটিকছড়িতে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় চার দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
গত সোমবার রাতে উপজেলার ভূজপুর থানার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. সাহাবুদ্দিন (২৫)।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ইসলামপুর এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালক সাহাবুদ্দিনকে ছুরিকাঘাত করে ফেলে দেয়। এরপর তারা বেপরোয়া গতিতে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। বেপরোয়া গতি দেখে সন্দেহ হওয়ায় উপজেলার কাজিরহাট এলাকায় জনতা অটোরিকশাসহ চার দুর্বৃত্তকে আটক করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এদিকে স্থানীয় লোকজন ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের পাশে অটোরিকশার চালককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মীর কাশেম আলী ঘটনাস্থলে যান। তিনি নিহত ব্যক্তির মানিব্যাগ, লাইসেন্স এবং মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। নিহত সাহাবুদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্সা গ্রামে।
সাহাবুদ্দিনের চাচা মুহাম্মদ হারুন বলেন, ‘সোমবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে সাহাবুদ্দিনের শেষ কথা হয়। সন্ধ্যার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে পুলিশের কাছে তার মৃত্যুর খবর শুনি।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রফিক (২২), মো. হানিফ (২০), মো. জাহাঙ্গীর (২২) ও মো. মামুন (২০)। রফিক ও মামুনের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় এবং হানিফ ও জাহাঙ্গীরের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
উপপরিদর্শক (এসআই) মীর কাশেম আলী বলেন, ‘উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সদস্য। এ ব্যাপারে নিহত চালকের চাচা মুহাম্মদ হারুন ওই চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।