চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২
অটোরিকশার চালককে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গাজীপুরের হারিবাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম সুজন মিয়া (২০)। তিনি নরসিংদী সদরের বাদল মিয়ার ছেলে। গ্রেপ্তার দুজন হলেন নরসিংদীর পাঁচদোনার আবদুল জব্বার (২৪) ও মিজানুর রহমান (১৯)। তাঁরা অটোরিকশা–চালককে হত্যা করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বর্ণনার বরাত দিয়ে পুলিশ জানায়, নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে বুধবার বিকেলে জব্বার ও মিজান যাত্রীবেশে টঙ্গী যাওয়ার কথা বলে সুজনের সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। পথে গাজীপুরের পুবাইলের হারিবাড়ির টেক এলাকায় নির্জন এলাকায় পৌঁছালে তাঁরা অস্ত্রের মুখে গাড়িটির গতিরোধ করেন। তাঁরা সুজনকে গাড়ি থেকে নামিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে তাঁকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তাঁর লাশ পাশের একটি ডোবায় ফেলে জব্বার ও মিজান গাড়ি নিয়ে পালিয়ে যান। কিছুদূর যাওয়ার পর অটোরিকশাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন এলাকাবাসী ও টহল পুলিশ এগিয়ে গেলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করে।