চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সদর উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ জেলা শহরের কৃষি খামার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
ওই ইজিবাইকচালকের নাম শাহাদৎ হোসেন (১৬)। সে জামালপুর পৌর শহরের বামনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। এ ঘটনায় রাজা মিয়া বৃহস্পতিবার রাতেই অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদৎ হোসেন ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার ইফতারের পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সে। রাত সাড়ে আটটার দিকে কৃষি খামারের ভেতরের মৃত্তিকা ভবনের পাশের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ রাত নয়টার দিকে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লাশ উদ্ধারের সময় উপস্থিত সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, যাত্রীবেশে হয়তো কয়েকজন দুর্বৃত্ত শ্বাসরোধে হত্যার পর তার লাশটি সেখানে ফেলে রেখে গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হওয়া হত্যা মামলার আসামিদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।