চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় লিচুবাগান থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সুজন সিকদার (২৮) নামের একজন ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে।
নিহত সুজন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্র জানায়, গতকাল লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েক ব্যক্তি পুলিশে খবর দেন।
পুলিশ সকাল সাড়ে সাতটার দিকে লাশ উদ্ধার করে। পাশে পড়ে থাকা মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে লাশটি সুজনের বলে শনাক্ত হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির বড় ভাই আলমগীর সিকদার বলেন, ‘প্রতিদিনের মতো গত সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে সুজন বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। তাকে ফোন করা হলেও কেউ ধরেনি। সকালে লাশ পড়ে থাকার খবর পেয়ে থানায় আসি। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছি।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পেটে ও পিঠে ছুরিকাঘাত ছাড়াও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর ইজিবাইকটি পাওয়া যাচ্ছে না।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে উঠে সুজনকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করা হয়েছে। শত্রুতার জের ধরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ইজিবাইক উদ্ধার ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।