চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামের একটি আখখেত থেকে খোকন দাস (৩০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে এলাকাবাসীর দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে দুর্বৃত্তরা ইজিবাইক ছিনিয়ে নিতেই খোকনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তাঁর বাড়ি একই উপজেলার বেজপাড়া গ্রামে।
খোকনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার বিকেল থেকে খোকন দাস ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন। আজ সকাল নয়টার দিকে মোল্লাকোয়া গ্রামের একটি আখখেতে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির পচন ধরা লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। প্রতিবেশী সুদেব কুমার শনাক্ত করেন, লাশটি নিখোঁজ থাকা খোকন দাসের।
এসআই ইমরান বলেন, বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মামলা হবে।