চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
দিনাজপুরের বিরল উপজেলায় এক চালককে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার ঈদের দিন বেলা ১১টার দিকে চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চালকের নাম মো. সুমন আলী (১৫)। সে দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ এলাকার জসরত আলীর ছেলে।
নিহত চালকের বড় ভাই শাহ আলম জানান, সুমন এলাকার মো. রাশেদ আলী নামের এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় চালাত। প্রতিদিনের মতো ঈদের আগের দিন সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরে বাড়িতে ফিরে খেয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। রাতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, ঈদের দিন পুলিশ বিরলের কাঞ্চনমোড়-ধুকুরঝাড়ি সড়কের বাজারদীঘি নামক এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনায় নিহত চালকের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।