চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

জামালপুর সদর উপজেলায় রমজান আলী (১৭) নামের এক চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা। গতকাল শনিবার রাত আটটার দিকে জামালপুর শহরের ডাকপাড়া এলাকার একটি ধানখেত থেকে চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

ইজিবাইক চালক রমজান জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকার আকবর আলীর ছেলে। গত বুধবার থেকে নিখোঁজ থাকার পর গতকাল শনিবার তাঁর লাশ মেলে। এ ঘটনায় রমজানের বাবা আজ রোববার সকালে জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রমজান আলী ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বুধবার সকাল আটটার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তাঁর। গতকাল শনিবার সন্ধ্যার পর জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় স্থানীয় লোকজন ধানখেতে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে রমজান আলীর লাশ শনাক্ত করেন।

শনিবার রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘একদল দুর্বৃত্ত হয়তো তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইক নিয়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।’