চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, আটক ৪
সিলেটে চালককে হত্যা করে ব্যক্তিগত গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বিয়ানীবাজার থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর গত সোমবার দক্ষিণ সুরমা থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি গাড়িটিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ চার তরুণকে আটক করেছে।
ব্যক্তিগত গাড়ির চালকের নাম নজরুল ইসলাম (২৪)। তিনি বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের আবদুল মন্নানের ছেলে। নজরুল একই গ্রামের সালেহ আহমদের গাড়ির চালক ছিলেন। এই ঘটনায় আটক চারজন হলেন গোলাপগঞ্জের উজান মেহেরপুর গ্রামের রাসেল আহমদ (১৯), চাঁদপুরের শাহরাস্তির আহমদনগর গ্রামের মাহবুবুল আলম (১৮), দক্ষিণ সুরমার ভার্থখলা গ্রামের জুম্মান আহমদ (১৮) ও সিলেটরে শাহপরান থানার ভাটপাড়ার জুয়েল আহমদ (২৩)। পরে পুলিশ তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর ছালেহ আহমদ তাঁর ব্যক্তিগত গাড়িসহ চালক নজরুল নিখোঁজ রয়েছেন বলে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর নজরুলের পরিবারের পক্ষ থেকে একই থানায় আরেকটি জিডি করা হয়। দুটো ডায়েরির পর পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিতে পরিবহন সংগঠনের সহায়তা নেয়। গত ৩১ ডিসেম্বর পরিবহন সংগঠনের তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে গাড়িসহ মাহবুবুল ও রাসেল নামের দুই তরুণকে আটক করে পুলিশ সিলেটের শাহপরান থানায় হস্তান্তর করে। গত রোববার আটক দুজনের সঙ্গী জুম্মান ও জুয়েলকে আটক করা হয়। কিন্তু নিখোঁজ চালক নজরুল সম্পর্কে আটক চারজনই কোনো তথ্য দিতে পারছিল না।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর বলেন, গত সোমবার বিকেলে দক্ষিণ সুরমার চান্দাই পশ্চিম ভাগ গ্রামের পঞ্চায়েতি টিলায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তারা লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেখান থেকে রাতে লাশটি নজরুলের বলে শনাক্ত করে তাঁর পরিবার।