ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। পুলিশ এসব ঘটনায় হওয়া মামলার অনেক আসামিকে গ্রেপ্তার করলেও চালক হত্যার ঘটনা কমছে না। এ কারণে সন্ধ্যা নামলেই যাত্রী নিয়ে বের হওয়া অটোরিকশা ও মোটরসাইকেলের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা প্রথমে যাত্রীবেশে অটোরিকশা বা মোটরসাইকেল ভাড়া করে। পরে নির্জন স্থানে নিয়ে চালককে হত্যা করে গাড়ি নিয়ে যায়। চলতি সেপ্টেম্বর মাসেই গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও মুক্তাগাছা উপজেলায় তিনজন চালককে হত্যা করে তাঁদের মোটরসাইকেল ও অটোরিকশা ছিনতাই করেছে দুষ্কৃতকারীরা। এ বছর ভালুকা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও মুক্তাগাছায় আরও চারজন চালককে হত্যা করে অটোরিকশা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০১৩ সালে চালক হত্যা করার দুটি ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০ সেপ্টেম্বর রাতে মুক্তাগাছা উপজেলার রবিল বিল এলাকায় নির্জন সড়কে যাত্রীবেশী ওই ছিনতাইকারীরা সেলিম মিয়া নামের এক চালককে হত্যা করে মোটরসাইকলেটি নিয়ে যায়।
১৩ সেপ্টেম্বর অটোরিকশাচালক আবু হানিফা নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। নিখোঁজের পাঁচ দিন পর গৌরীপুর উপজেলার ইয়ারপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক হওয়া সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী অটোরিকশাটি উদ্ধার করা হয়।
৯ সেপ্টেম্বর রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার নয়শিমুল গ্রামে যাত্রী নিয়ে যাওয়ার পথে খুন হন মোটরসাইকেলচালক খাইরুল ইসলাম। গত ৩ জুলাই ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি সড়কের মৃগালি গ্রামে আনোয়ার হোসেন নামের এক চালককে খুন করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে দুষ্কৃতকারীরা।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে ভালুকা উপজেলার ভালুকা-মল্লিবাড়ি সড়কে ছয়দুল ইসলাম নামের এক তরুণকে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে দুষ্কৃতকারীরা। এ ঘটনার প্রায় তিন মাস পর পুলিশ জহিরুল ও হিরন নামের দুজনকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গত ২২ মে ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামের শৌচাগার থেকে ছয়দুলের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
২০১৩ সালেও গৌরীপুর উপজেলায় চালককে হত্যা করে ছিনতাইয়ের দুটি ঘটনা ঘটে। গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার চরনিলক্ষ্মীয়ার মোস্তফা কামাল বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। ২০ ডিসেম্বর উপজেলার শিবপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ১৫ জুলাই ময়মনসিংহ সদর থানার রাঘবপুর পশ্চিমপাড়া গ্রামের অটোরিকশাচালক আবদুল জব্বার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। এ ছাড়া গত তিন মাসে বেশ কয়েকজন চালক ছিনতাইকারীদের কবলে পড়েও প্রাণে বেঁচে যান।
ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘এসব ছিনতাই ও হত্যাকাণ্ড বড় কোনো সংঘবদ্ধ চক্রের কাজ নয়। ছোট ছোট চক্র এসব অপকর্ম করছে। পুলিশ বেশির ভাগ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে। পুলিশ তৎপর থাকলে অচিরেই ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। রাতে যাত্রী ওঠানোর ক্ষেত্রে চালকদের আরও সতর্ক থাকতে হবে।’