চালককে হত্যা করে ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক চালককে হত্যা করে মালবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসেন (৪৫), তাঁর বাড়ি বগুড়া জেলা সদরের ছোট কুমুড়িয়া গ্রামে। এ ঘটনায় তাঁর ছেলে ও সহকারী হাসান আলী¦(১৫) আহত হয়েছে।
এ ব্যাপারে হাসান জানায়, গত বুধবার রাতে ইউনিলিভার কোম্পানির ৩০০ কার্টন সাবান ও ৪০০ কার্টন হুইল সাবানের পাউডার নিয়ে ট্রাকটি চট্টগ্রাম থেকে বগুড়ার পথে রওনা হয়। গাজীপুরের চন্দ্রাএলাকায় পৌঁছালে যাত্রীবেশে চারজন ছিনতাইকারী ৪০০ টাকা ভাড়ায় বগুড়া যাওয়ার জন্য ট্রাকটিতে ওঠে। রাত তিনটার দিকে ট্রাকটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চালক ও সহকারীকে মুখ, হাত-পা বেঁধে ট্রাকের কেবিনের ভেতর আটকে রেখে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে ছিনতাইকারীরা ট্রাকটি নিয়ে পাবনার দিকে রওনা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিন্নাবাড়ী গ্রামের জোড়া সেতুর কাছে দুর্বৃত্তরা চালক ও সহকারীকে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পাবনার দিকে চলে যায়। পরে পুলিশের একটি পিকআপ ভ্যান টহল দেওয়ার সময় দুজনকে এ অবস্থায় দেখে তাঁদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। পরে সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে সুস্থ হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ধারণা করা হচ্ছে মুখ ও হাত-পা বেঁধে রাখায় চালক শ্বাসরোধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত চালকের ছেলে ও তাঁর সহকারী হাসান আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেছে। ট্রাকটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।