চালক ছিল কিশোর। বয়স ১৪ বছরের মতো। যাত্রী সেজে তার ভ্যানে উঠে পড়েন দুজন। তাঁরা একটা ফাঁকা জায়গায় গিয়ে ভ্যান থামিয়ে চালকের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে লাশ পাশের জঙ্গলে লুকিয়ে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান তাঁরা।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঝিনা এলাকায় গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন। ওই দিন রাতে তাঁদের গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নিহত কিশোরের নাম হেফাজুল ইসলাম। তার বাড়ি তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার উত্তরপাড়া মহল্লায়। বাবার নাম সাইফুদ্দিন মণ্ডল।
মামলায় গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হচ্ছেন তানোরের মুন্ডুমালা পৌর এলাকার চারপুকুরিয়া মহল্লার শ্রাবণ ওরফে শাওন (২৩) ও পাশের সাদীপুর মহল্লার ফারুক হোসেন (৩০)।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, তানোর ও গোদাগাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে লাশ পাওয়া গেছে গোদাগাড়ী সীমানার মধ্যে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্রাবণ ও ফারুক স্বীকার করেছেন, তাঁরা চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তানোরের মুন্ডুমালা বাজার থেকে ভ্যানে ওঠেন। গোদাগাড়ীর পাকড়ি যাওয়ার কথা বলে ভ্যানটি ভাড়া করেন তাঁরা।
গোদাগাড়ী থানার ওসি বলেন, এ ঘটনায় শাওন ও ফারুককে আসামি করে নিহত ভ্যানচালক হেফাজুলের ভাই বাবলু থানায় হত্যা মামলা করেছেন। গতকাল আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়।