চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার কাশিমপুর এলাকায় গত বুধবার রাতে ছিনতাইকারীরা চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ রাত থেকেই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে।
থানার পুলিশ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিমপুর গ্রামের রুস্তম আলীর ছেলে গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন তাঁর দুই বন্ধু সামাদ ও হাফিজকে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। তাঁরা দুয়ারিয়া থেকে কাশিমপুর যাওয়ার পথে তিন রাস্তার মোড়ে ছিনতাইকারীরা রশি টেনে ধরে পথ রোধ করে। ছিনতাইকারীরা তাঁদের ছুরিকাঘাত করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। অন্যদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।