চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
ফরিদপুরের ভাঙ্গায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম রিপন ব্যাপারী (৩০)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বড় কেশবপুর গ্রামের ছলেমান ব্যাপারীর ছেলে। ভাঙ্গা থানার পুলিশ গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের পাশের বামনকান্দা এলাকার খেসারির খেত থেকে রিপনের লাশ উদ্ধার করে। এ সময় রাস্তার পাশে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় সোহেল হাওলাদার (৩০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। সোহেল নিজেকে ওই মোটরসাইকেলের যাত্রী দাবি করেন। তিনি শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে ৩০০ টাকায় রিপনের মোটরসাইকেল ভাড়া করে ভাঙ্গা আসছিলেন বলে জানান। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে আটক করেছে।
সোহেলের ভাষ্য মতে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে বরিশাল ফেরার পথে কাওড়াকান্দি ঘাট থেকে ভাঙ্গা আসার জন্য তিনি রিপনের মোটরসাইকেল ভাড়া করেন।