চালককে হত্যা করে রিকশাভ্যান ছিনতাই
পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের দহপাড়া গ্রামে শাকিল শেখ (১৫) নামে এক কিশোর চালককে হত্যা করে তার ইঞ্জিনচালিত রিকশাভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে পুলিশ স্থানীয় একটি পাটখেত থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
সে উপজেলার মানিকহাট গ্রামের আবদুল মান্নান শেখের ছেলে।
এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, অভাব-অনটনের কারণে শাকিল কিছুদিন ধরে ইঞ্জিনচালিত রিকশাভ্যান চালিয়ে সংসারে সহযোগিতা করছিল। প্রতিদিনের মতো বুধবার বিকেলে সে রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। বিকেল পাঁচটার দিকে এলাকার লোকজন তাকে স্থানীয় বোনকোলা হাটে ভ্যানযোগে যাত্রী পরিবহন করতে দেখেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে একটি পাটখেতে তার মৃতদেহ পাওয়া যায়। পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নেয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার রিকশাভ্যানটি নিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।