চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার ভাবনহাটি গ্রামের রবিউর ইসলাম (২০), মো. লিটন (১৯) এবং রিপন মিয়া (২০)।
পুলিশ এবং নিহত ব্যক্তির স্বজনেরা জানান, সাটুরিয়ার রৌহা গ্রামের সোহেল রানা (২০) ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দরগ্রাম এলাকা থেকে যাত্রী নিয়ে উপজেলা সদরে রওনা হন তিনি। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গোলড়া এলাকায় তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পাশের গোলড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাটুরিয়া থানার পুলিশকে বিষয়টি অবহিত করে। বিকেলে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওই দিন রাতে সোহেলের বড় ভাই আরিফুল ইসলাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাটুরিয়া থানা-পুলিশ জানায়, অটোরিকশায় ওঠার পর গ্রেপ্তার হওয়া ওই তিন তরুণসহ চারজন বিভিন্ন স্থানে যান। রাতে উপজেলার ঘিওর গাছপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে তাঁরা চালককে হত্যা করেন। এরপর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। শুক্রবারের অভিযানে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ও ভাবনহাটি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে অটোরিকশাটিকেও উদ্ধার করে তারা।