চালককে হত্যার পর ভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে গত শনিবার রাতে মো. জালাল মোল্লা নামের এক ভ্যানচালককে হত্যার পর তাঁর গাড়ি ছিনতাই করা হয়েছে। পুলিশ ছিনতাই হওয়া ভ্যানটিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালালকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।
নিহত ভ্যানচালক জালাল (২৪) উপজেলার ময়না ইউনিয়নের পাঁচময়না গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার ওহিদুল সিকদারের (৩০) বাড়িও একই ইউনিয়নের বেলজানি গ্রামে।
জালালকে হত্যার ঘটনায় তাঁর ভাই কালাম মিয়া গতকাল রোববার ওহিদুলসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেছেন।
ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জালাল তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে উপজেলা সদরে যান। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরে বাড়ির লোকজন তাঁর খোঁজে নেমে পড়েন। একপর্যায়ে ভোররাতে তাঁরা জানতে পারেন, ময়না ইউনিয়নের হরিদাডাঙ্গা মাঠের ফসলি জমিতে জালালের লাশ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউল আলম বলেন, ভোররাতে চরবর্ণি এলাকায় জালালের ছিনতাই হওয়া ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওহিদুলকে আটক করে এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।