চালকসহ তিনজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে একটি লোকাল ট্রেনের ইঞ্জিনের তেল চুরির অভিযোগে গত বুধবার ওই ট্রেনের চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তের জন্য ওই দিনই চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন বুড়িমারীগামী ৪৫৫ আপ লোকাল ট্রেনের চালক রশিদুল ইসলাম, সহকারী চালক আবদুল কাদের ও পরিচালক (গার্ড) ময়নুল হোসেন।
রেলের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ধীরেন্দ্র নাথ রায় বলেন, তেল চুরির অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় লালমনিরহাট রেল বিভাগের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট (এটিএস) ফুয়াদ হোসেন আনন্দকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত দলকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রেলের লালমনিরহাট বিভাগীয় কার্যালয় ও প্রত৵ক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে দিনাজপুরের পার্বর্তীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী ওই ট্রেনটি কাকিনা স্টেশনে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এ অবস্থায় ওই ট্রেনের যাত্রী হাতীবান্ধার বাসিন্দা কলেজছাত্র কামরুল ইসলাম বিলম্বের কারণ জানতে ট্রেন থেকে নামেন। এ সময় ওই ট্রেনের চালক রশিদুল ইসলাম, পরিচালক ময়নুল হোসেনের উপস্থিতিতে কয়েকজন ইঞ্জিন থেকে তেল বের করে জারে ভরছিল। ঘটনাটি দেখতে পেয়ে কলেজছাত্র কামরুল তার মুঠোফোনের ক্যামেরায় তা ধারণ করা শুরু করেন। এই সময় চালক ও পরিচালক তাঁকে মারধর করেন। পরে একই রেলপথের হাতীবান্ধা রেলস্টেশনে ট্রেনটি এলে মারধরের শিকার কামরুল ইসলামসহ অন্য যাত্রীরা স্টেশনের প্ল্যাটফরমে উপস্থিত লোকদের ঘটনাটি জানান। ঘটনা শুনে ওই স্টেশনে ট্রেনটিকে প্রায় ৫০ মিনিট আটকে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা শুনে হাতীবান্ধা থানার পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং রেলের কর্মকর্তা-কর্মচারীরা চালক ও পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ট্রেনটি ছেড়ে যায়।