চালকের আসনের নিচে ৪০ হাজার ইয়াবা
নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটি টোলপ্লাজার কাছ থেকে সয়াবিন তেলবাহী একটি ট্রাক থেকে ৪০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেনের উপস্থিতিতে নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওই অভিযান চালায়। ট্রাকটিও আটক করা হয়েছে।
মো. মোবারক হোসেন জানান, চট্টগ্রাম থেকে সয়াবিন তেলবাহী একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। ওই ট্রাকে করে ইয়াবা পাচার হচ্ছিল বলে গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল। এরই ভিত্তিতে সকাল সাতটার দিকে গোয়েন্দা পুলিশ ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় চালকের আসনের নিচ থেকে ইয়াবাভর্তি চারটি প্যাকেট পাওয়া যায়।
ওই ঘটনায় নাটোর ডিবি পুলিশের উপপরিদর্শক মো. সেরাজুল ইসলাম বাদী হয়ে ট্রাকচালক রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর গোষমহল এলাকার সেলিম শেখ, একই থানার কাশিয়াডাঙ্গা গ্রামের হাসান আলী ও বাঘা উপজেলার গাঁওপাড়ার কালুকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।