চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গত শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে গলা কেটে হত্যা করে তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী লাল সেতুর পাশ থেকে পুলিশ ওই চালকের লাশ উদ্ধার করেছে।
নিহত অটোরিকশাচালকের নাম আবদুস সালাম (৪৩)। তিনি আদমদীঘির কালাইকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় নিহত আবদুস সালামের ভাই মুহিত প্রামাণিক বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
অটোরিকশাচালক ও থানার পুলিশ সূত্র জানায়, আবদুস সালাম সান্তাহার-আদমদীঘি সড়কে ভাড়ায় অটোরিকশা চালাতেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে সান্তাহার থেকে বগুড়ার দিকে আসেন। পরে শনিবার তাঁর গলাকাটা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। অটোরিকশাটির মালিক সান্তাহারের ফরহাদ হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার পর থেকে সালামকে মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না।