চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই
রাজশাহীতে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে রাজশাহী নগরের খড়খড়ি বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গলায় অস্ত্রোপচার করা হয়েছে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার নগরের মতিহার থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
আহত চালকের নাম আব্দুল আমিন (৩৫)। তাঁর বাড়ি রাজশাহী নগরের বড় বনগ্রাম মাস্টারপাড়া এলাকায়। তিনি বর্তমানে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, সোমবার রাত নয়টার দিকে নগরের নওদাপাড়া এলাকা থেকে চারজন যাত্রী আফতাবের মোড়ে যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। মাঝপথে ফাঁকা জায়গায় গিয়ে তাঁরা তাঁকে গাড়ি থামাতে বলেন। তিনি গাড়ি থামালে তাঁরা তাঁকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে গলা কেটে রিকশা নিয়ে চলে যান। দুই আরোহী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।