চালকের গলা কেটে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা
নওগাঁর বদলগাছি উপজেলায় চালকের গলা কেটে একটি পিকআপ ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক ব্যক্তি। এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে দিয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ত্রিমুহিনী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম রুবেল হোসেন (২২)। বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার ডাশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল হোসেন গত শুক্রবার রাতে গাজীপুরের বাসন স্বরূপ এলাকা থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-০৮৭০) ভাড়া করেন। রাত আনুমানিক একটার দিকে পিকআপ ভ্যানটি রুবেলের বাসার আসবাবপত্র বোঝাই করে তাঁর বাড়ি নওগাঁর উদ্দেশে রওনা হয়। এর চালক তৌফিক ইসলামের পাশের আসনে বসেন রুবেল। এ ছাড়া পিকআপ ভ্যানের পেছনে মালামালের সঙ্গে ছিলেন দুই নারী। তবে গতকাল সকাল আটটার দিকে বদলগাছির গোবরচাঁপা এলাকায় পৌঁছালে দুজনকেই নামিয়ে দেন রুবেল। এরপর সাড়ে আটটার দিকে পিকআপ ভ্যানটি উপজেলার ত্রিমুহনী সেতু এলাকায় এলে তিনি চালক তৌফিকের গলায় চাকু দিয়ে আঘাত করেন। তৌফিক পিকআপ ভ্যানটি দ্রুত থামিয়ে নিচে নেমে এসে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার দেন। এতে আশপাশের লোকজন ছুটে এলে রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাঁকে ধরে ফেলতে সক্ষম হন তাঁরা। খবর পেয়ে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে।
এদিকে পিকআপ ভ্যানের চালক তৌফিককে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান সাংবাদিকদের বলেন, আহত তৌফিক বলেছেন, তাঁর বাড়ি গাজীপুরে। বাবার নাম মতিউর রহমান। তাঁর গলায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছি থানার সহকারী পরিদর্শক (এএসআই) খায়রুজ্জামান বলেন, এলাকাবাসী এগিয়ে আসায় চালক তৌফিক প্রাণে বেঁচে গেছেন। সন্দেহভাজন ছিনতাইকারী রুবেলকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি পিকআপ ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। পিকআপ ভ্যানটি বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।