
গতকাল রাজধানীর শ্যামলীতে প্রাণ হারানো ব্যক্তি মাইক্রোবাসের সামনে আটকে যাওয়ার আগে একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। খোঁজ নিয়ে এমন তথ্য মিলছে।
নির্মমভাবে প্রাণ হারানো সেই ব্যক্তির নাম-পরিচয় পেয়েছে পুলিশ। হতভাগ্য সেই মানুষটির নাম তোফাজ্জল হোসেন (৪৫)। পেশায় একজন বিমা-কর্মী। আটক করা হয়েছে ঘাতক মাইক্রোবাসটি।
ঘটনার পর মিরপুরের মাজার রোড থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে দারুসসালাম থানার পুলিশ। যার নম্বর ঢাকা মেট্রো-চ ১৪-২১৬৯। মাইক্রোবাস আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। দারুসসালাম থানার পুলিশ গতকাল রাতে মোহাম্মদপুর থানায় গাড়িটি হস্তান্তর করে।
প্রত্যক্ষদর্শী বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রথমে একটি প্রাইভেট কার ধাক্কা মেরেছিল তোফাজ্জল হোসেনকে। তখন পেছনে থাকা মাইক্রোবাসের বাম্পারে আটকে যান তোফাজ্জল।
মাইক্রোবাসের চালক না থেমে দ্রুত কল্যাণপুরের দিকে চলে যান। পথে তোফাজ্জলকে ফেলে মাইক্রোবাসটি পালিয়ে যায়। যেহেতু মাইক্রোবাসের বাম্পারে তোফাজ্জল আটকে যান, তাই সবার দৃষ্টি সেদিকেই ছিল। কিন্তু সামনে থাকা প্রাইভেট কারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
একই দাবি করেন আটক মাইক্রোবাসের মালিক মামুন হোসেন। তিনি প্রথম আলোকে জানান, তাঁর ভগ্নিপতিকে আনতে নোয়াখালী থেকে ঢাকায় যায় তাঁর মাইক্রোবাসটি। পথে এ ঘটনা ঘটে। এরপর কল্যাণপুরের একটি বাসায় গাড়ির চাবি রেখে চালক পালিয়ে যান।
মুঠোফোনে মামুন বলেন, ‘আমি নোয়াখালীতে রেন্ট-এ কারের ব্যবসা করি। ঘটনার পর ড্রাইভারের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। তবে কল্যাণপুরের বাসায় চাবি রাখার সময় ড্রাইভার বলেছিল যে, সামনের একটি প্রাইভেট কার ধাক্কা দিলে একজন লোক আমার মাইক্রোবাসের সামনে পড়ে যায়।’
চালকের নাম জিজ্ঞেস করা হলে মামুন বলেন, ‘অনেক দিন ধইর্যাই আমার গাড়ি চালায় ওই ড্রাইভার। কিন্তু অহন মাথা জ্যাম ধইর্যা গেছে। ওর নাম ভুইল্যা গ্যাছি। আমরা মিটমাটের চেষ্টা চালাইতাছি।’
রাজধানীর আদাবর এলাকার বায়তুল আমান হাউজিংয়ের ১৩ নম্বর রোডের ৯৬০/সি/১ নম্বর বাসায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বাস করতেন তোফাজ্জল। প্রোপার্টি জেনারেল ইনস্যুরেন্স এবং জেনিথ ইসলামি ইনসুরেন্সে বিমা-কর্মীর কাজ করতেন তিনি।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন তোফাজ্জলের স্ত্রী শামীমা চৌধুরী। শামীমার দাবি, তাঁর স্বামীকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে।
কী কারণে এ ঘটনা ঘটেছে—এমন প্রশ্নের জবাবে শামীমা প্রথম আলোকে বলেন, ‘পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে এমন ধারণাই করছি। যে ড্রাইভার আমার স্বামীকে ধাক্কা দিল সে কী মানুষ! আর উদ্দেশ্যমূলক না হলে বাম্পারে আটকে যাওয়ার পরও ড্রাইভার গাড়ি থামাল না কেন?’
শামীমা জানান, দুই বছর আগে তোফাজ্জল হোসেন হূদরোগে আক্রান্ত হন। এরপর তাঁর ডান পাশ কিছুটা অবশ রয়েছে। চিকিত্সা নিতে আগারগাঁওয়ের নিউরোলজি হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তোফাজ্জল।
মাইক্রোবাসের ধাক্কায় গতকাল শ্যামলীর আশা টাওয়ারের সামনের সড়কে গাড়ির বাম্পারে তোফাজ্জল আটকে যান। তীব্র বেগে প্রায় এক কিলোমিটার চালিয়ে যান এর চালক। আর ততক্ষণে রাস্তার সঙ্গে ঘর্ষণে হাফ হাতা শার্ট ও কালো প্যান্ট পরা তোফাজ্জলের শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস উঠে যায়, মাথা ফেটে বেরিয়ে যায় মগজ। সেখানেই মারা যান তিনি।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে জানান, রাস্তায় তোফাজ্জলের ব্যাগ পড়েছিল। ব্যাগটির ভেতরে ঠিকানা পেয়ে তোফাজ্জলের পরিবারকে খবর দেওয়া হয়। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি মাইক্রোবাসের চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
লোমহর্ষক, নির্মম!