চালকের ব্যাগে কোটি টাকার হেরোইন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর থেকে এক বাসচালককে আটক করেছে পুলিশ। যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের বাসের ওই চালকের কাছ থেকে চিপস ও পলিথিনের প্যাকেটে হেরোইন উদ্ধারের দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, চালকের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে; দাম এক কোটি টাকার মতো।
বাসের চালকের নাম মো. ডালিম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজার স্টেশন এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি চালানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের বাসের চালকের ব্যাগ থেকে দুটি চিপসের প্যাকেট ও আটটি পলিথিনে ব্যাগের মধ্যে থাকা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাসটি ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী।