চালকের সঙ্গে সখ্য গড়ে গাড়ি চুরি, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশাচালকের সঙ্গে সখ্য গড়ে তুলে বদলি চালক হিসেবে গাড়ি চালান। পরে সুযোগ বুঝে সেই গাড়ি চুরি করে নিয়ে যান। টাকা দাবি করেন গাড়ির মালিকের কাছে। এভাবে গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সেলিম (২৫), মো. বাবুল (২৬), মো. দেলোয়ার (২২) ও আবু তাহের (২৪)। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা একটি অটোরিকশা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, গত শনিবার নগরের অক্সিজেন এলাকার গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়। গাড়িটি গ্রেপ্তারকৃত সেলিম বদলি চালক হিসেবে চালিয়েছিলেন মাস খানেক আগে। চুরি করার পর গাড়ির মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

এ ঘটনায় গাড়ির মালিক থানায় মামলা করলে পুলিশ তদন্ত করতে গিয়ে মঙ্গলবার বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে সেলিমকে গ্রেপ্তার করে।