চালক-সহকারীদের যোগসাজশে ট্রাকের মালামাল লুট
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হোরগাতীতে পণ্যভর্তি একটি ট্রাক লুট হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত সোমবার পুলিশ ওই ট্রাকের চালক ও তাঁর দুই সহকারীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১১ জুলাই পাবনার ব্যবসায়ী জহুরুল ইসলাম ১৭ ড্রাম সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের সাবান, ৩০০ বোতল নারকেল তেল ও ঈদের আনুষঙ্গিক কিছু পণ্য নারায়ণগঞ্জ থেকে পাবনার কাশিনাথপুরে পাঠান। ট্রাকের চালক ও সহকারীরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের হোরগাতী এলাকায় ট্রাকটি থামিয়ে ভোরের মধ্যে ট্রাক থেকে সব মালামাল নামিয়ে নেওয়া নেন। পরে ট্রাকটি বগুড়া নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের কাছে ফেলে রাখা হয়। পরিকল্পনা অনুযায়ী ট্রাকের চালক আবুল হোসেনকে ট্রাকের মধ্যে হাত-মুখ বেঁধে রেখে দেওয়া হয়।
এ ঘটনায় হাইওয়ে থানার পুলিশ রোববার চালককে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চালকের সহকারী বাহাদুর মিয়া গত সোমবার হাসপাতালে চলে আসেন। তখন পুলিশ তাঁদের দুজনকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে তাঁরা লুটপাটের কথা স্বীকার করেন। তাঁরা বলেন, কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে স্থানীয় দোকানে মালামাল বিক্রি করা হয়েছে। স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সন্ধ্যায় পুলিশ স্থানীয় সামিদুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে ১২ ড্রাম সয়াবিন তেল উদ্ধার করে।
এ ঘটনায় জহুরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে আবুল হোসেন, বাহাদুর মিয়া, চালকের আরেক সহকারী কাওসার আলী, দোকানমালিক সামিদুলের নাম উল্লেখ করে সলঙ্গা থানায় একটি মামলা করেন। মামলায় আরও অনেককে আসামি করা হয়। পরে পুলিশ কাওসারকেও গ্রেপ্তার করে।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, ট্রাকের চালক ও সহকারীর যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে।