চালের অতিরিক্ত মজুত, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরাঙ্গ ভান্ডারে অভিযানের সময় ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
গৌরাঙ্গ ভান্ডারে অভিযানের সময় ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

গাজীপুরের কালীগঞ্জ বাজারে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি চাল মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

দণ্ডিত দুজন হলেন কালীগঞ্জ বাজারের মেসার্স গৌরাঙ্গ ভান্ডারের মালিক বাদল চন্দ্র দাস ও মেসার্স জামান স্টোরের মালিক মো. জামান মিয়া।

সোহাগ হোসেন বলেন, ব্যবসায়ীদের কাছে সর্বোচ্চ ১৫ টন চাল মজুত থাকার কথা। কিন্তু মেসার্স গৌরাঙ্গ ভান্ডারে ৬৫.৭ টন এবং মেসার্স জামান স্টোরে ২৯.২৫ টন চাল মজুত পাওয়ায় যায়। তাই ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক মেসার্স গৌরাঙ্গ ভান্ডারকে ৩০ হাজার টাকা এবং মেসার্স জামান স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তিনি জানান, পরে দিনের মধ্যে মজুত চাল অন্য ব্যবসায়ীদের দিয়ে দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।