চালের টাকা পকেটে, টিন বাড়িতে

বিদ্যালয়ের জরাজীর্ণ ঘরগুলো মেরামতের জন্য গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় চার মেট্রিক টন চাল ও দুই বান্ডিল টিন বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওই চাল বিক্রি করে আত্মসাৎ করেন। আর টিন লাগিয়েছেন নিজের ঘরে।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়েমান্দারতলা-তালপট্টিপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানের সভাপতির নাম আরশাদ আলী। তিনি উপজেলার লাটিমা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
চাল ও টিন নেওয়ার বিষয়টি স্বীকার করে আরশাদ আলী বলেন, ‘নানা সমস্যার কারণে চাল বিক্রির টাকাটা বিদ্যালয়ে দিতে পারিনি। তবে দ্রুত দিয়ে দেব।’
খড়েমান্দারতলা-তালপট্টিপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের গ্রাম খড়েমান্দারতলা ছাড়াও পাশের বামনগাছা, নোয়ানীপাড়া, নলপাতুয়া, মান্দারতলা ও মতিলালপুর গ্রামের শিশুরা পাঁচ-ছয় কিলোমিটার দূরের সস্তার বাজার ও সাগরখাল গ্রামের স্কুলে যেত। দূরে হওয়ায় অনেক শিশুই লেখাপড়া ছেড়ে দেয়। তাই শিশুদের কথা চিন্তা করে আমরা কয়েকজন ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি। আমি ও আমার দুই ভাগনে বিদ্যালয়ের জন্য জমি দান করি।’ তিনি বলেন, ‘এখন স্কুলটি দেখলে কান্না চলে আসে। জরাজীর্ণ ঘরে বাচ্চারা ঠিকমতো পড়ালেখা করতে পারছে না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজগর আলী জানান, বিদ্যালয়টিতে তাঁরা পাঠদানের অনুমতি পান ২০০৪ সালে। একাডেমিক অনুমোদন পান ২০০৭ সালে। বর্তমানে তাঁদের প্রতিষ্ঠানে ১৪৫ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। পাঁচজন শিক্ষক আর দুজন কর্মচারী কাজ করছেন। টিনের চাল ও চাটাই দিয়ে ঘেরা বিদ্যালয়ে চারটি ক্লাস আর একটি অফিসকক্ষ রয়েছে। এর একটি ব্যবহার অনুপযোগী। বাকি তিনটি কক্ষে ক্লাস নেওয়া হয়।
আজগর আলী আরও বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। সে কারণে উন্নয়নও হয়নি। শিক্ষকেরা বিনা বেতনে এক যুগ ধরে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির চাটাই ও টিন নষ্ট হয়ে গেছে। এখন সেগুলো খুলে খুলে পড়ছে। এলাকার মানুষ ও শিক্ষকেরা নিজেদের টাকায় মাঝেমধ্যে কিছু সংস্কার করেন। তবে স্কুল এলাকার লোকজন দরিদ্র হওয়ায় পুরো সংস্কারকাজ করা যাচ্ছে না। বৃষ্টি হলেই শিশুদের ছুটি দিয়ে দিতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, বিদ্যালয়ের এই অবস্থার কথা তাঁদের এলাকার তৎকালীন সাংসদ শফিকুল আজম খানকে জানালে তিনি চার মেট্রিক টন চাল ও দুই বান্ডিল টিন বরাদ্দ দেন। গত বছরের জুনে এই চাল ও টিন তুলে নেন আরশাদ আলী। এরপর চাল বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। আর টিন নিজের বাড়ির কাজে ব্যবহার করেন।
মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শুভাগত বিশ্বাস জানান, বিষয়টি তাঁর যোগদানের আগের ঘটনা। তবে ওই স্কুলের নামে টিআর প্রকল্পের চার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়, যা গত বছরের ২৯ জুন আরশাদ আলী উত্তোলন করেছেন। ওই বছরের ১৫ জুলাই কাজ শেষ হয়েছে বলে তিনি মাস্টাররোল দাখিল করেন। এ ছাড়া দুই বান্ডিল টিনও তিনি নিয়েছেন।