চাষির ধান কেটে নিয়ে গেছে জোতদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের উড়িরচরের চর আমজাদে কৃষকদের প্রায় ৩০ একর জমির ধান জোতদারেরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় চর বালুয়া ক্যাম্প থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে চরে কৃষক ও জোতদারদের মধ্যে এখনো উত্তেজনা চলছে।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল আমিন অভিযোগ করেন, তিনিসহ ১২ জন মিলে ১৪-১৫ বছর আগে উড়িরচরের চর আমজাদে প্রায় ৩০ একর জমি কিনে চাষাবাদ শুরু করেন। প্রতিবছরই চাষাবাদ করতে গেলে স্থানীয় দস্যু ও জোতদারদের চাঁদা দিতে হয়। গত আষাঢ়ে আমন লাগাতে গেলে স্থানীয় বাহিনীপ্রধান মামুন ও খোকন মেম্বারের লোকজন বাধা দেন এবং ওই জমি তাঁদের বলে দাবি করেন। একপর্যায়ে তাঁদের জমিতে লাগানো বীজের ওপর মামুন ও খোকন বাহিনীর লোকজন পুনরায় বীজ ছিটিয়ে দেন।

ঘটনার বর্ণনা দিয়ে কৃষক নুরুল আমিন বলেন, গতকাল সকালে তাঁদের লোকজন চরে ধান কাটতে গেলে শতাধিক লোক লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে ধান কাটতে বাধা দেন। পরে তাঁরা জোর করে ধান কাটা শুরু করেন। বিষয়টি তাৎক্ষণিক চর বালুয়া ক্যাম্পে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু ধান উদ্ধার করলেও জোতদারদের লোকজন বেশির ভাগ ধান কেটে নিয়ে যান।

উড়িরচরের চর আমজাদ ও চর বালুয়ার কয়েকজন কৃষক বলেন, ধানে পাক ধরার আগেই স্থানীয় সন্ত্রাসী বাহিনী ভূমিহীন বর্গাচাষি ও জমির অস্থায়ী মালিকদের কাছে দাগপ্রতি (দুই একর) তিন থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেছিল। ওই চাঁদা দিতে অস্বীকার করায় কয়েক দিন ধরে দলবল নিয়ে জোর করে ধান কাটা শুরু করে তারা। সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে পুলিশও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস পায় না।

এ বিষয়ে কোম্পানীগঞ্জের চর বালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ প্রথম আলোকে বলেন, ধান কেটে নেওয়ার বিষয়টি জানার পর তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু ধান উদ্ধার করে দিয়েছেন। তবে এভাবে সব ঘটনার অভিযোগ পাওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন।