চায়ের দোকানে বসে ইয়াবা ব্যবসা

ছোট একটি দোকান। প্রকাশ্যে বিক্রি করা হতো চা। মোহাম্মদপুরের বছিলা এলাকার এই দোকানের মালিক মামুনুর রশিদ (৩৫)। কিন্তু কাপ ভর্তি করে চা বিক্রি করলেও আড়ালে ছিল তাঁর মাদকের ব্যবসায়। দোকানে বসে ইয়াবা বিক্রি করতেন মামুন। কখনো কখনো ইয়াবার চালান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন তিনি।
ইয়াবার ব্যবসার অভিযোগে মামুনুর রশিদ ও তাঁর সহযোগী মিনারা বেগম (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব-১ একটি দল।
এ সময় তাঁদের কাছ থেকে ২৫ হাজার ইয়াবা, দুটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, মামুনুর ও মিনারা পেশাদার মাদক ব্যবসায়ী।
র্যাব-১-এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ইয়াবার চালান এনে মামুনুর তাঁর নিজের দোকানে বসে বিক্রি ও নিজে সরবরাহ করতেন। ইয়াবার চালান কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকা আনতেন মিনারা।
আজ সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদ পেয়ে নবীনগর হাউজিং ৬ নম্বর সড়কের একটি বাসার দোতলা থেকে মামুনুর ও মিনারাকে ২৫ হাজার ইয়াবা, দুটি মোবাইল ফোন, ৩০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। মিনারা বেগম টেকনাফে জ্বালানি কাঠ বিক্রির পাশাপাশি ইয়াবা ব্যবসা করতেন। দ্বীন মোহাম্মদ নামের এক ব্যক্তি মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে টেকনাফ থেকে ইয়াবার চালানটি দিয়ে তাঁকে ঢাকায় পাঠান। ঢাকায় আসার পর মিনারাকে ফোনে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় আসতে বলেন মামুনুর। সেখান থেকে তাঁরা দুজন ইয়াবার চালানটি মোহাম্মদপুর আনেন। সেখান থেকে এসব ইয়াবা ঢাকার দুটি এলাকায় হস্তান্তরের কথা ছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।