চা-বাগানে অবাধে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের চণ্ডীছড়া চা–বাগানের ভেতরে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
হবিগঞ্জের চণ্ডীছড়া চা–বাগানের ভেতরে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সরকারি মালিকানাধীন চণ্ডীছড়া চা-বাগান থেকে অবাধে বালু তোলা হচ্ছে। বাগানের ভেতরে বালুমহাল ইজারা দেওয়া নিষেধ হলেও চা-বাগান কর্তৃপক্ষ তা লঙ্ঘন করে বালু ব্যবসায়ীদের ইজারা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
দুই বালু ব্যবসায়ী ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ওই বালু তোলা হচ্ছে বলে জানা যায়।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, বাগানের চারদিক থেকে অবাধে বালু তোলা হচ্ছে। ছয়-সাত মাস ধরে শ্রমিকেরা চা-বাগানের বিভিন্ন ছড়া থেকে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে ও বেলচার সাহায্যে বালু তুলছেন। এরপর ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের ওপর তা স্তূপ করে রাখছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, উপজেলার বকুল পাল ও মাধবপুর উপজেলার পংকজ পালের হয়ে তাঁরা এ বালু তুলছেন। তাঁদের ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখানকার পাঁচটি বালুমহাল পড়েছে চা-বাগানের ভেতরে। এগুলো ইজারা না দেওয়ার জন্য অনেক দিন ধরে জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এ বালুমহাল ইজারা দিতে নিষেধ করে। যে কারণে জেলা প্রশাসন চা-বাগানের ভেতরের বালুমহাল ইজারা বন্ধ রাখে।
এদিকে খনিজ সম্পদ ব্যুরো হবিগঞ্জের ওই পাচঁটি মহালকে সিলিকা বালুমহাল হিসেবে প্রজ্ঞাপন জারি করে। এরপর চণ্ডীছড়া চা-বাগান কর্তৃপক্ষ তাঁদের বাগানের ভেতরে প্রবাহিত ছড়াগুলো পরিষ্কার ও সংরক্ষণের জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দুই বছরের জন্য ইজারা নেয়।
যোগাযোগ করা হলে বালু ব্যবসায়ী বকুল পাল বলেন, তাঁরা দুই বছরের জন্য বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ৬০ লাখ টাকায় উপ-ইজারা নিয়েছেন। তাঁর দাবি, এ থেকে সরকার প্রায় ৪০ লাখ টাকার রাজস্ব পেয়েছে।
চা-বাগানের ব্যবস্থাপক চৌধুরী মুরাদ আহমেদ বলেন, ন্যাশনাল টি কোম্পানির নির্দেশে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ইজারা আনা হয়েছে। এরপর বকুল পালসহ অন্যদের উপ-ইজারা দিতে হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে পাহাড় ভাঙছে। উপড়ে পড়ছে গাছগাছালি। আর কিছুদিন পর সবুজ বাগান আর খুঁজে পাওয়া যাবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশহুদুল কবীর বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেবেন।