চা-বাগানের দুই কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার ফিনলে কোম্পানির ভাড়াউড়া চা-বাগানের দুই সহকারী ব্যবস্থাপককে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে চা-বাগান এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও বাগানের লোকজন জানান, গতকাল সকাল আটটায় চা-বাগানের ১৪ নম্বর সেকশন হয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে সন্ত্রাসীরা সহকারী ব্যবস্থাপক জহিরুল ইসলাম ও মাহমুদ হাসানকে পিটিয়ে আহত করে। জহিরুল পালিয়ে গেলেও সন্ত্রাসীরা মাহমুদকে ধরে পাশের নট মন্দিরে এনে বেঁধে রেখে মারধর করে। খবর পেয়ে চা-বাগানের কর্মচারীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভাড়াউড়া চা-বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান শ্রীমঙ্গল থানায় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরাসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। মাহমুদুল হাসান জানান, বাগানের একটি ঝিল দখল নিয়ে তাঁদের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ও তাঁর ভাইদের বিরোধ চলছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
সাগর হাজরা বলেন, সহকারী ব্যবস্থাপকদের অভিযোগ সঠিক নয়। সহকারী ব্যবস্থাপকেরা এক নারীকে লাঞ্ছিত করায় চা-শ্রমিকদের পরিবারের সদস্যরা তাঁদের আটকে রেখে মারধর করেছেন।