চা-বাগানের লেকে নারী শ্রমিকের লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা–বাগানের লেক থেকে গাইরামা রাজভর (৩৫) নামের এক নারী চা–শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
গাইরামা শমশেরনগরের বাসিন্দা লাসামা রাজভরের স্ত্রী। গাইরামা চা–বাগানের নিবন্ধিত শ্রমিক ছিলেন।
লাসামা রাজভর বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যা থেকে গাইরামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে গাইরামার লাশ লেকের পানিতে ভাসছে বলে খবর পান তিনি।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদের ভাষ্য, সকাল সোয়া ১০টার দিকে লেকের পানিতে একজন নারীর লাশ ভাসছে বলে তাঁকে খবর দেওয়া হয়। পরে তিনি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওই নারীর স্বামী লাসামা রাজভর লাশটি শনাক্ত করে পরিচয় নিশ্চিত করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই কিন্তু তাঁর মুখ-নাক দিয়ে রক্ত ঝরছিল। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।