চা-শ্রমিকদের বাড়িতে অভিযান চালিয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আসামিকে ধরতে না পেরে কয়েকটি বাড়ির আসবাব ভাঙচুর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা-পুলিশের একটি দল শহরতলির সাহেবের বাজারের মাখরখলা এলাকায় চা-শ্রমিক নেতা মো. সুজন মিয়া ও কালাগুল চা-বাগানের আরও কয়েকজন চা-শ্রমিকের বাড়িতে আসামি ধরতে অভিযান চালায়। সুজন চা-শ্রমিক সংঘের সুরমা ভ্যালির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে পুলিশের একটি দল সুজনের বাড়িতে যায়। সুজন বাড়িতে নেই জেনে পুলিশ সুজনের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে। একপর্যায়ে তারা ঘরে ঢুকে তল্লাশি চালায়। পরে তারা বিছানায় পানি ঢেলে দেয় ও আসবাব ভাঙচুর করে। সুজনের ঘর থেকে পুলিশের ওই দলটি মাখরখলা গ্রামে আরও ১০ জন চা-শ্রমিকের বাড়িতে যায়। আসামি খোঁজার নামে তারা একইভাবে বিছানাপত্র বাইরে ফেলে দিয়ে লেপ-কাঁথায় পানি দিয়ে দেয়।
চা-শ্রমিক নেতা সুজন মুঠোফোনে বলেন, একটা কাজ থাকায় তিনি গতকাল ভোরে বাসা থেকে বের হয়ে যান। তার কিছুক্ষণ পরই পুলিশ এ অভিযান চালায়। ঘটনার পর থেকে তিনি এখনো বাড়িতে ফেরেননি। তিনি আরও বলেন, গত বছর কালাগুল চা-বাগানে একটানা ছয় মাস শ্রমিক ধর্মঘটের জের ধরে একাধিক মামলা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধে। এসব মামলার কারণে হয়তো পুলিশ এ অভিযান চালিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল বিকেলে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, এটি পুলিশের নয়, যৌথ বাহিনীর অভিযান ছিল। অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য না করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তাঁকে একাধিকবার ফেন করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে, এ অভিযানের প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মাখরখলা গ্রামে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে চা-শ্রমিক ও কৃষকেরা এক প্রতিবাদ সমাবেশ করে। এ ধরনের হয়রানিমূলক অভিযান বন্ধ না করলে শ্রমিক ও কৃষক আন্দোলনে নামবেন।