চিংড়ি ঘের থেকে সহোদর দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে সহোদর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে লাশ দুটি উদ্ধার করা হয়।
ওই শিশুরা হলো বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামের বাবু হাওলাদারের বড় ছেলে মীরাজুল হাওলাদার (১০) ও ছোট ছেলে রিয়াজুল হাওলাদার (৮)। মীরাজুল তৃতীয় এবং রিয়াজুল প্রথম শ্রেণির ছাত্র ছিল।
ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
শিশু দুটির দা​দি রওশন আরা বেগমের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিকেলে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে পায়লাতলা গ্রামের বাবু হাওলাদার ও তাঁর স্ত্রীর অনুপস্থিতিতে ওই দম্পতির বাড়িতে বাচ্চু মৃধা নামের এক প্রতিবেশী বেড়াতে যান। বেড়াতে গিয়ে রওশন আরাকে একটি জুস খেতে দেন বাচ্চু মৃধা। ওই জুস খাওয়ার পর রওশন অচেতন হয়ে পড়েন। আজ দুপুরের দিকে তাঁর জ্ঞান ফিরে এলে তিনি তাঁর নাতিদের খুঁজতে থাকেন। পরে স্থানীয় লোকজন ঘেরে মীরাজুল ও রিয়াজুলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে লাশ দুটি উদ্ধার করে। শিশু দুটির মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
আসলাম খান আরও জানান, বাচ্চু মৃধার সঙ্গে বাবু হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, বাচ্চু মৃধাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাঁকে ধরতে পারলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।