চিংড়িঘের নিয়ে সংঘর্ষে নিহত ১
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লক্ষ্মীখালী গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে চিংড়িঘের নিয়ে বিরোধের জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আইজুল মোড়ল (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লক্ষ্মীখালী গ্রামে ২০০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ এ ঘের অনেক দিন ধরেই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল মুজিদের দখলে রয়েছে। ঘেরের জমি নিজের দাবি করে আজ বেলা দুইটার দিকে দলবল নিয়ে দখল করতে যান একই উপজেলার গাংঢ়ামারি গ্রামের নুরুন্নবী। আবদুল মুজিদের পক্ষের লোকজন তাঁদের বাধা দিলে নুরুন্নবীর পক্ষের লোকজন গুলি ছোড়েন। এতে আবদুল মুজিদের পক্ষের আইজুল মোড়ল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত আইজুলের লাশ শ্যামনগর থানায় রয়েছে।