চিংড়িঘেরে দুর্বৃত্তদের গুলিতে আহত ৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী মইস্যারজুরা এলাকার একটি চিংড়িঘেরে দুর্বৃত্তদের গুলিতে চারজন আহত হয়েছেন। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিংড়িঘেরের অংশীদার মোজাফ্ফর আহমদ (৫০) মারা যান।
ঘেরের অংশীদার মো. শফিউল আলমের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত তাঁদের চিংড়িঘেরে হানা দেয়। এ সময় ঘেরের লোকজন প্রতিরোধের চেষ্টা চালালে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতেরা কিছু মাছ ও জাল লুট করে নিয়ে যায়।
মোজাফ্ফর আহমদের ফুফাতো ভাই খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান এবং চাচাতো ভাই রেজাউল করিম বলেন, ডাকাতের আক্রমণ থেকে রক্ষা পেতে মোজাফ্ফর ঘেরের পানিতে ঝাঁপ দেন। ওই সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মোজাফ্ফরের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্বৃত্তদের গুলিতে আহত ঘেরের কর্মচারী খুটাখালী ইউনিয়নের হাজিপাড়ার আবদুর রহিম (৪০), নলবিলা এলাকার শামশুল আলম (৩৮), নয়াপাড়ার মোকতার আহমদ, সেগুনবাগিচা এলাকার ছৈয়দ আলমকে (৩৫) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি ডাকাতি নয়। চিংড়িঘেরের দখল-বেদখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।