চিংড়ি ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রফিক শেখ (৩৫) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামে নিজের চিংড়ি ঘের থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রফিকের বুক ও পেটে ধারালো অস্ত্রের একাধিক জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রফিক মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, শুক্রবার রাতে রফিক শেখ স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান। এরপর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। শনিবার সকালে স্থানীয় লোকজন রফিকের চিংড়ি ঘেরের পানিতে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
তারক বিশ্বাস বলেন, রফিক শেখ স্থানীয় টিটু শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় ৮০ বিঘার এই চিংড়ি ঘেরটি করছিলেন। সম্প্রতি টিটু শরীফের সঙ্গে ঘেরের মালিকানা নিয়ে রফিকের বিরোধ হয়। এই ঘটনার জের ধরে হত্যাকাণ্ড হয়েছে, না কি আরও কোনো কারণ আছে তা পুলিশ তদন্ত করছে। শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি।