চিংড়ি মাছে সাগু ও জেলি ঢোকানোয় কারাদণ্ড
ওজন বাড়ানো ও চকচকে সতেজ দেখানোর জন্য সিরিঞ্জে সাগু ও জেলি ভরে তা ঢোকানো হচ্ছিল গলদা চিংড়ির শরীরের মধ্যে। এ খবর শুনে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। হাতেনাতে ধরে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয় ওই মাছ ব্যবসায়ী মনিরুল সানাকে (২০)।
গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজারে এ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) পারভেজ মল্লিক।
মনিরুল সানা খুলনার কয়রা উপজেলার শ্রী গোলতলা মহল্লার সাহেব আলী সানার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ওই মাছ ব্যবসায়ী খুলনা থেকে ২১১ কেজি গলদা চিংড়ি মাছ কিনে ফরিদপুরে নিয়ে আসেন বাজারে বিক্রি করতে। গত শুক্রবার রাতে তিনি শহরের হেলিপোর্ট বাজারের একটি আড়তে বসে তরল সাগু ও জেলি সিরিঞ্জে ভরে তা প্রতিটি মাছের শরীরে ঢোকাতে শুরু করেন। এ খবর পেয়ে আদালত বাজারের শেষ প্রান্তে অবস্থিত ওই আড়তে অভিযান চালিয়ে হাতেনাতে ধরে ফেলেন ওই মাছ ব্যবসায়ীকে। পরে সেখানে আদালত বসিয়ে তাঁকে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন এবং মাছগুলো মাটিচাপা দেওয়া হয়।
নির্বাহী হাকিম পারভেজ মল্লিক বলেন, ওই মাছ ব্যবসায়ীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় সাজা েদওয়া হয়েছে।