চিংড়ি রেণুসহ দুটি ট্রলার জব্দ আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মহাসড়ক থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণুসহ ১১ জনকে গতকাল রোববার আটক করেছে পুলিশ। একই দিন ভোলায় দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ চিংড়ি রেণুসহ দুটি ট্রলার জব্দ করেছে।
পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মমিন জানান, রোববার (গতকাল) ভোর চারটার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে পটুয়াখালী সেতুর ঢালে পুলিশের তল্লাশিচৌকি থেকে একটি ট্রাক থামাতে বলা হয়। চালক ট্রাকটি না থামিয়ে আরও দ্রুতগতিতে বরিশালের দিকে ছুটতে থাকে। এতে পুলিশের সন্দেহ হলে তারা সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে লেবুখালী ফেরিতে গিয়ে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। ট্রাকে থাকা ১১ জন ব্যবসায়ী এবং ট্রাকটিতে থাকা ২৫টি প্লাস্টিক ড্রাম ও ১৪টি বড় পাতিলভর্তি গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
পটুয়াখালী থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, আটক ব্যক্তিদের তথ্য অনুযায়ী ড্রাম ও পাতিলে ৭০ লাখ রেণু আছে। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধ চিংড়ি রেণু বহনের অভিযোগে একটি মামলা হয়েছে।
ভোলা দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা লে. খালেদ বলেন, চোরাইপথে চিংড়ি রেণু খুলনা নেওয়ার সময় কোস্টগার্ড রোববার (গতকাল) সকালে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ চিংড়ি রেণু জব্দ করে। এ সময় রেণু বহনকারী দুটি ট্রলার জব্দ করা হয়। রেণুর মালিক ও পরিবহনের সঙ্গে জড়িতরা লাফিয়ে নদীপথে পালিয়ে গেছে। পরে ওই রেণু নদীতে অবমুক্ত করা হয়।