চিংড়িঘের দখল করতে হামলা, গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়ায় গতকাল বুধবার ভোরে একটি চিংড়িঘের দখল করতে গিয়ে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা।
এ সময় চিংড়িঘেরের চার কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া চারটি খামারবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে অন্তত তিন লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
চিংড়ি প্রকল্পের মালিক ও মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ চৌধুরী জানিয়েছেন, কাকপাড়া এলাকায় তাঁদের এক শ একরের একটি চিংড়িঘের রয়েছে। ওই চিংড়িঘেরে গতকাল বুধবার ভোরে ২০-২২ জন অস্ত্রধারী সন্ত্রাসী হানা দেয়। ওই সময় সন্ত্রাসীরা অন্তত এক শটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে চিংড়ি প্রকল্পের ব্যবস্থাপক মো. আলমগীর (৩৮), পাহারাদার রেজাউল করিম (৪২), আবু ছৈয়দ (২৮) ও সাজেদুল করিম (৪০) গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিংড়িঘেরের অন্য অংশীদার আবুল শামা বলেন, সন্ত্রাসীরা মাছ লুটসহ চিংড়িঘেরের চারটি খামারবাড়ি ভাঙচুর করে অন্তত তিন লাখ টাকার মাছ ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে। চিংড়িঘেরে লুটপাট শেষে তারা মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ চৌধুরীর বসতঘরেও হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে।