চিংড়িঘের দখলে হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিংড়িঘের দখলকে কেন্দ্র করে হামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া গ্রামে একজন ঘেরমালিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ওই রাতেই নয়জনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম খাঁ (৪০)। আহত ব্যক্তিরা হলেন নিহত শফিকুলের স্ত্রী পারুল বেগম (৩৫), ছেলে আবু রায়হান (১৪), আবদুল হালিম (২৫), হাবিবুল্লাহ (২৭) ও নেওয়াজ হোসেন (৩০)। সবার বাড়ি খোলপেটুয়া গ্রামে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহিম গাজী (৪০), সেকেন্দার আলী (৩৮), শরীফুল গাজী (২০), আহাদুল ইসলাম (২০), মনিরুজ্জামান গাজী (৪২), জামালউদ্দিন (২৪), নজরুল ইসলাম (১৯), নূরুল ইসলাম (২৭) ও লোকমান গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৪০)। তাঁদের বাড়িও খোলপেটুয়ায়।
স্থানীয় গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, খোলপেটুয়া গ্রামের আবদুস ছাত্তার খাঁ একই এলাকায় ১৫ বছর আগে ৩০ বিঘা জমি কেনেন। ওই জমিতে তাঁর ছেলে শফিকুল ইসলাম খাঁ ঘের তৈরি করে চিংড়ির চাষ করে আসছেন। ওই ঘেরের জমি নিজেদের দাবি করে তা দখলের জন্য বুধবার সকাল নয়টার দিকে একই গ্রামের লোকমান গাজীর নেতৃত্বে তাঁর লোকজন হামলা চালায়। এ সময় শফিকুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় আহত হন আরও পাঁচজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শফিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে লোকমান গাজীর সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও পাওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, বুধবার শফিকুলের ভাই হাবিবুল্লাহ খাঁ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এ মামলার সঙ্গে হত্যার ঘটনা যুক্ত হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোলপেটুয়া গ্রামের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।